রাষ্ট্রপতি বঙ্গভবনে, প্রধান উপদেষ্টা জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন

09 2503301646
৭২

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবার বঙ্গভবনেই ঈদের নামাজ আদায় করবেন। আর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন।

ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন রবিবার ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান।

বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

সাধারণত রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহে প্রধান জামাতে ঈদের নামাজ আদায় করে থাকেন। এতে সরকারের নীতি নির্ধারকসহ সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনীতিবিদদের পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষও অংশ নিয়ে থাকেন। তবে এবার এর ব্যতিক্রম হচ্ছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের জামাতে নামাজ আদায় করবেন বলে তার দপ্তর থেকে বলা হয়েছে। বিকাল ৪টায় তেজগাঁওয়ে মুহাম্মদ ইউনূস তার কার্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

এরই মধ্যে রাজধানীতে জাতীয় ঈদগাহে জামাতের সব ধরনের প্রস্তুতি শেষ হওয়ার কথা বলেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।জাতীয় ঈদগাহে প্রধান জামাতে একসঙ্গে ৩৫ হাজার মানুষের অংশ নেওয়ার প্রস্তুতি রয়েছে। এখানে সকাল সাড়ে ৮টায় হবে প্রধান জামাত।

ইসলামি ফাউন্ডেশনে ধর্ম উপদেষ্টার কাছে একজন সাংবাদিক জানতে চান- রাষ্ট্রপ্রতি ও প্রধান উপদেষ্টা কোথায় ঈদের নামাজ পড়বেন। জবাবে তিনি বলেন, “মাননীয় প্রধান উপদেষ্টা ঈদের নামাজ পড়বেন জাতীয় ঈদগাহে। মহামান্য রাষ্ট্রপতি পড়বেন বঙ্গভবনে।”