সাবেক সিইসি আবদুর রউফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

20250209 125405567
৪৩

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (৯ ফেব্রুয়ারি) মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

গণ-আন্দোলনের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরশাসক এরশাদের পতনের পর ওই বছরের ২৫ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব গ্রহণ করে দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে বিচারপতি রউফের দারুণ অবদান ছিল উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশর গণতান্ত্রিক পথচলার ক্ষেত্রে বিচারপতি রউফ বার বার উদাহরণ হয়ে আসবেন। তিনি তার কাজের মধ্য দিয়ে দেশের মানুষের অন্তরে বেঁচে থাকবেন চিরকাল।’

ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, ‘বিচারপতি রউফ ছিলেন নাগরিক সমাজের একজন বড় স্তম্ভ। ভোটাধিকার, সংস্কার এবং গণতন্ত্রের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, যা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’

রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর মগবাজারে অবস্থিত ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন আবদুর রউফ (ইন্নালিল্লাহি ওয়া ইন্নি ইলাইহি রাজিউন)। হৃদযন্ত্রের জটিলতায় ভুগছিলেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি হৃদযন্ত্রের জটিলতা নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন সাবেক এই বিচারপতি। সেখানে তার হার্টে একটি অপারেশন হয়। হার্টে পেসমেকারও বসানো হয়েছিল।

পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকার আনুষ্ঠানিকতাগুলো করে গ্রামের বাড়ি ময়মনসিংহে দাফন করা হবে তাকে।

উল্লেখ্য, ১৯৯০ সালের ২৫ ডিসেম্বর থেকে ১৯৯৫ সালের ১৮ এপ্রিল পর্যন্ত বাংলাদেশের পঞ্চম সিইসি হিসেবে দায়িত্ব পালন করেন মো. আব্দুর রউফ। ১৯৯১ সালের বহু কাঙ্ক্ষিত নির্বাচন করে প্রশংসিত হলেও ১৯৯৪ সালে বিএনপির শাসনামলে মাগুরা উপনির্বাচন নিয়ে বিতর্কিত হন তিনি।