এবার পাকিস্তানি গায়কের বাড়িতে ডাকাতি

Image 311212 1738251470
২৭

দিন কয়েক আগে গভীর রাতে বলিউড অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে ঢুকে ছুরিকাঘাত করা হয় তাকে। মুহূর্তেই এ ঘটনায় তোলপার শুরু হয় ভারতে। এবার ভিন্ন এক ভয়ংকর ঘটনা ঘটল। তবে সেটি ভারতে নয়, পাকিস্তানে। দেশটির জনপ্রিয় গায়ক-অভিনেতা ফখর-ই-আলমের বাড়িতে ডাকাতি হয়েছে

বুধবার (২৯ জানুয়ারি) মধ্যরাতে দক্ষিণের বন্দর শহর করাচিতে অবস্থিত গায়কের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই।

পাশাপাশি নিজের এক্স হ্যান্ডেলে ডাকাতির বিষয়টি নিয়ে একটি পোস্টও দিয়েছেন ফখর-ই-আলম। সেখানে অভিনেতা লিখেছেন, বাড়িতে ডাকাতির ঘটনায় ডাকাতদের শিগগিরই পুলিশ গ্রেপ্তার করবে। করাচিতে আমার বাড়িতে ডাকাতি হয়েছে।

গায়ক আরও লেখেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং তারা তদন্ত করছে। বিষয়টি খুবই উদ্বেগের এবং একইসঙ্গে বিরক্তিকর। আশা করছি শিগগিরই অপরাধীদের গ্রেপ্তার করা হবে। আমার কাছে জিনিস কোনো ব্যাপার নয়। তবে মনের শান্তি অমূল্য। এখানেই মূলত ক্ষতি। অন্য সবার জন্য অনুগ্রহ করে সবাই সতর্ক থাকুন।

নব্বই দশকে লাহোরের ভাংড়া-র‌্যাপ সংগীতের অগ্রদূত হিসেবে পরিচিতি লাভ করেন ফখর-ই-আলম। বর্তমানে টেলিভিশন শো, ক্রীড়া অনুষ্ঠান এবং জাতীয় ও আন্তর্জাতিক ধরনের বিভিন্ন অনুষ্ঠান প্রযোজনা করেন তিনি। অন্যদিকে ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত সিন্ধু বোর্ড অব ফিল্ম সেন্সর’র চেয়ারম্যানের দায়িত্বেও ছিলেন গায়ক।

১৯৯৩ সালে ‘র‌্যাপ ইউপি’ মিউজিক অ্যালবামের মাধ্যমে পাকিস্তানের প্রথম র‌্যাপ শিল্পী হিসেবে কাজ শুরু করেন ফখর-ই-আলম। শুধু গান বা প্রযোজনাই নয়, উপস্থাপক হিসেবে খ্যাতি রয়েছে তার। এছাড়া ১৯৯৮ সালে ‘ভেরি গুড দুনিয়া ভেরি ব্যাড লগ’ও ২০১৮ সালে ‘দো বিভিয়ান এক বেচারা’র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন ফখর-ই-আলম।