সরকারকে অস্থিতিশীল করতে চক্রান্ত হচ্ছে : নাসিম

৩১
Nasim_011457711214

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘সরকারকে অস্থিতিশীল করতে একটা চক্রান্ত হচ্ছে। কথা নাই, বার্তা নাই কার্গো বিমান বন্ধ করে দেওয়ার চক্রান্ত করছে।’

 

শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের জাতীয় সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি এসব কথা বলেন।

 

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘ওরা চক্রান্ত করছে। শেখ হাসিনাকে চাপে রাখার চেষ্টা হচ্ছে। বঙ্গবন্ধু কখনো আত্মসমর্পণ করে নাই, শেখ হাসিনাও করবে না।’

 

জাসদ নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। খালেদা জিয়া বার বার পরাজিত হয়েছে। কৌশলে পরাজিত হয়েছে, নির্বাচনে পরাজিত হয়েছে।’

 

নাসিম আরো বলেন, `আমি জানতাম না যে আপনারা এত শক্তিশালী। ১৪ দলের কোনো একটি দল শক্তিশালী হলে আমাদের ভাল লাগে। আপনারা আরো শক্তিশালী হোন।`

 

দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গে অধিবেশনে ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, `বর্তমানে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে দলীয় প্রতীকে। ফলে তৃণমূলে গণতন্ত্র শক্তিশালী হচ্ছে। কিন্তু যদি তৃণমূলে পারস্পরিক সম্প্রীতি বিনষ্ট হয় তাহলে গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে।`

 

চীনের রাষ্ট্রদূত মা কু মিং বলেন, `আমার দল চীনা কমিউনিস্ট পার্টির মতই বাংলাদেশের জাসদ। এ দুই দলের মধ্যে সম্পর্কও দীর্ঘদিনের। তাই জাসদের অনুষ্ঠানে এত মানুষের ভিড় দেখে আমি আনন্দিত।’

 

তিনি বলেন, `বাংলাদেশের উন্নয়নের সাথে চীনের সুদৃঢ় সম্পর্ক রয়েছে। এদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে চীন সবসময় পাশে থাকবে।’

 

জাসদের সম্মেলন উপলক্ষে পিপলস লিবারেল ফ্রন্ট শ্রীলংকা, ভারতের অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লক ও নেপালের রাষ্ট্রদূত শুভেচ্ছা জানিয়েছে।

 

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভাপতিত্বে আরো বক্তৃতা করেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, কার্যকরি সভাপতি মঈন উদ্দিন খান বাদল, সহ-সভাপতি রবিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, শিরিন আখতার প্রমুখ।