স্বৈরশাসকদের অধ্যায় জেলেই শেষ হয়: প্রেস সচিব

Image 305630 1734882876
৩২

‘স্বৈরশাসকদের অধ্যায় জেলেই শেষ হয়’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (২২ ডিসেম্বর) আওয়ামী লীগের ফেসবুক পেজের একটি পোস্টের ছবি নিজের পেজে শেয়ার করে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে শফিকুল আলম লেখেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ আজ একটি অপতথ্য ছড়িয়ে বলেছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান এই গু-জবের পেছনে রয়েছে।’

তিনি লেখেন, ‘পরিষ্কারভাবে জানাতে চাই, আমরা কোনো গুজব ছড়াইনি যে ইন্টারপোল গণহত্যাকারী শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে। আমার দলের কেউই এ ধরনের কোনো মন্তব্য করেনি। তাদের সঙ্গে কোনো সাংবাদিক যোগাযোগ করেননি। গুজব ছড়ানো একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ ও তাদের সহযোগী ও সমর্থকদের কাজ।’

প্রেস সচিব লেখেন, ‘তবে আমরা এটুকু বলতে পারি, দেরি হোক বা দ্রুত হোক, আমরা শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা, গুম ও দুর্নীতির অভিযোগে প্রত্যর্পণ চাইব।’

‘ভারতের সঙ্গে আমাদের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। আমরা আশা করি, ভারত এই চুক্তির প্রতি সম্মান জানাবে’, লেখেন শফিকুল আলম।

সবশেষ তিনি লেখেন, ‘শেখ হাসিনা ছাত্র, শ্রমিক ও এমনকি মাত্র চার বছরের শিশুরও হত্যাকারী, হাজারো মানুষের গুম-জননী, যাদের বেশিরভাগই ছিলেন বিরোধী দলের কর্মী। বিশ্ব সম্প্রতি শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহতা বুঝতে পেরেছে।’

তিনি লেখেন, ‘লাতিন আমেরিকাসহ বিশ্বের অন্যান্য স্থানের নির্যাতনকারীদের গল্পগুলো বারবার প্রমাণ করে যে স্বৈরশাসকদের অধ্যায় জেলেই শেষ হয়।’