হাসনাত-সারজিসের গাড়িবহরে ট্রাকচাপা, যা বললেন জামায়াত আমির

1732769340 6a2a7385c3b402930eaa610e58719e63
৭৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সারজিস আলমের গাড়িবহরের একটি প্রাইভেটকারকে ট্রাকচাপা দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

গতকাল বুধবার রাতে ফেসবুকে এক পোস্টে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি।

জামায়াতে ইসলামীর আমির পোস্টে লেখেন, ‌‘হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে বহনকারী প্রাইভেটকারকে ট্রাকচাপা! হত্যাচেষ্টা না নিরেট দুর্ঘটনা? তা অবশ্যই যথাযথভাবে খতিয়ে দেখা দরকার। বিষয়টি সত্যিই উদ্বেগজনক।’

গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রামের লোহাগাড়ায় হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরে থাকা একটি প্রাইভেটকারকে চাপা দেয় ট্রাক। এতে প্রাইভেটকারটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

হাসনাত ও সারজিস দুজনেই সুস্থ রয়েছেন বলে জানিয়েছে চট্টগ্রাম পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল। এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা ও কবর জিয়ারত শেষে ফিরছিলেন হাসনাত ও সারজিস।