ধর্ষণের দায়ে কারাগারে ঢাবির যে শিক্ষক!

৩৫

নিজস্ব প্রতিবেদকঃ ধর্ষণের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) সহকারী অধ্যাপক খালেদ মাহমুদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম শাহিনূর রহমান জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার পরিদর্শক শিহাব উদ্দিন আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আসামিপক্ষে আইনজীবী শহিদুল ইসলাম জামিন চেয়ে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, খালেদ মাহমুদ সম্পূর্ণ নির্দোষ। তিনি এ ধরনের ঘটনা ঘটাননি। হয়রানি করতে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তিনি পরিস্থিতির শিকার।

তিনি আরো বলেন, খালেদ মাহমুদ ভিকটিমকে চেনেন না। তিনি একজন সরকারি কর্মচারী, পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি। জামিন দিলে তিনি পলাতক হবেন না।

শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত, বুধবার রাজধানীর ভাটারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন ভিকটিমের স্বামী। এরপর রাতে ভাটারা থানার পুলিশ রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে খালেদ মাহমুদকে আটক করে।

মামলার এজাহার অনুযায়ী, বিভিন্ন প্রলোভন দেখিয়ে অবৈধ প্রমের সম্পর্ক তৈরি করে বাদীর স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন খালেদ মাহমুদ।