সেন্টমার্টিন ভ্রমণ ও রাত্রিযাপন নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত

Saint Martin 1024x576
৪০

সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নভেম্বরে সেখানে পর্যটকরা যেতে পারলেও রাতে থাকতে পারবেন না। ডিসেম্বর ও জানুয়ারিতে দিনে ২ হাজারের বেশি পর্যটক যেতে পারবেন না। আর ফেব্রুয়ারি মাসে পর্যটক যাওয়া পুরোপুরি বন্ধ রাখা হবে। তখন সেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হবে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে এসব কথা বলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

তিনি আরও বলেন, পরিবেশবান্ধব সেন্টমার্টিন গড়ার চিন্তা থেকে এসব পদক্ষেপ নেয়া হয়েছে। এছাড়া সেন্টমার্টিনে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

দিনে দুই হাজার পর্যটক কীভাবে নির্ধারণ করা হবে? এমন প্রশ্নের জবাবে অপূর্ব জাহাঙ্গীর বলেন, পর্যটকরা যখন যাবেন তখন নাম্বারিং করা হবে।

এ সময় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মো. আবুল কালাম আজাদ মজুমদার, সহকারী প্রেস সচিব নাইম আলী ও সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।