দুই চালানে ভারত থেকে এলো ৪ লাখ ৬৩ হাজার পিস ডিম

Egg Import 1024x576
২৫

একই দিনে ভারত থেকে এলো দুটি ডিমের চালান। এই চালানে দেশে এসেছে ৪ লাখ ৬৩ হাজার ৬৮০ পিস ডিম।

রোববার (৬ অক্টোবর) দুপুরে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথম চালানে আসে ২ লাখ ৩১ হাজার ৮৪০ পিচ ডিম, একই পরিমাণ ডিমের চালান আসে রাতে। যা আজ দুপুরের মধ্যেই কাগজপত্র যাচাইবাছাই শেষে চালানটি নেবে বলে জানিয়েছেন বেনাপোল সিএন্ডএফ ব্যবসায়ী রাতুল ইন্টারন্যাশনাল।

প্রতিষ্ঠানটি জানায়, পর্যায়ক্রমে আরও ৪২ লাখ ডিম আসবে।

কাস্টমস সূত্র জানায়, এক হাজার ১০৪ বক্স ডিম নিয়ে একটি ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। প্রতি বক্সে ২১০ টি করে ডিম রয়েছে। আমদানি করা এসব ডিমের মূল্য ৯ হাজার ৯৬৯ মার্কিন ডলার। প্রতি ডজন ডিমের আমদানি মূল্য শূন্য দশমিক ৫৮ ডলার, বাংলাদেশি টাকায় প্রতিটি ডিমের মূল্য পড়ে ৫ টাকা ৭০ পয়সা। প্রতি ডজন ডিমের ইনভয়েস মূল্যের ওপর ৩৩ শতাংশ সরকারি রাজস্ব পরিশোধ করে ও সকল খরচ মিলিয়ে এক টাকা ৮৪ পয়সা। এতে প্রতিটি ডিমের মোট মূল্য দাঁড়ায় ৭ টাকা ৫০ পয়সা। এমতাবস্থায় পেঁয়াজ ও আলুর মতো ডিম আমদানিতে শুল্ক মওকুফের দাবি জানিয়েছেন আমদানিকারকরা।

বেনাপোলের প্রাণিসম্পদ অধিদফতরের কর্মকর্তা বিনয় কৃষ্ণ মণ্ডল বলেন, ডিমের চালানটি দ্রুত খালাসের জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।

বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা শেখ জাহিদুর রহমান বলেন, ভারত থেকে আমদানি করা ডিমের চালান বেনাপোল বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে রাখা হয়েছে। রাজস্ব আদায় করে যত দ্রুত সম্ভব ডিমের চালানটি খালাস করে দেয়া হবে আজই।