আন্দোলনে হামলার ঘটনায় ৩৯ প্রভাবশালীকে গ্রেফতার করেছে র‍্যাব

Image 294306 1728188407
৭৫

ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় এখন পর্যন্ত এজাহারভুক্ত ৩৯ জন প্রভাবশালীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বাকিদের সন্ধানেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস।

রোববার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে অপহৃত এক শিশুকে উদ্ধার বিষয়ক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

লে. কর্নেল মুনিম ফেরদৌস বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ প্রভাবশালীদের গ্রেফতারের চেষ্টা চলছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিওতে যাদের ছাত্র-জনতার ওপর হামলা করতে দেখা গেছে তাদের ধরতেও অভিযান চলমান রয়েছে। এ সময় কারও কাছে কোনো তথ্য থাকলে তা দিয়ে র‍্যাবকে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি।

তিনি আরও বলেন, গত ৩০ সেপ্টেম্বর সদরঘাট থেকে শিশু আব্দুল্লাহ আল নূর তুষারকে অপহৃত হয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় পিরোজপুরের মঠবাড়িয়া থেকে তাকে উদ্ধার করা হয়েছে। তবে অপহরণকারীকে এখনও গ্রেফতার করা যায়নি।

এ সময় ৫ আগস্ট পরবর্তী সময়ে র‍্যাবের কোনো সদস্য কর্মবিরতিতে বা পালিয়ে যায়নি বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।