স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: আমিনুল হক

Aminul Haque
২৬

ঢাকা মহানগর উত্তর বিএনপির দুর্দিনের কাণ্ডারি ও সদস্য সচিব আমিনুল হক বলেছেন, ‘আমরা আর কোনও দুর্নীতিবাজ, লুটতরাজ, দখলদারী ও স্বৈরাচারী সরকার বাংলাদেশে দেখতে চাই না। স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’ শনিবার (৭ সেপ্টেম্বর) রূপনগর ও ইস্টার্ন হাউজিং এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-আন্দোলনে তিন নিহতের পরিবাবের সঙ্গে দেখা করা শেষে তিনি এসব কথা বলেন।

ছাত্র-জনতার গণ-আন্দোলনে হতাহত ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়ানোর ধারাবাহিক কর্মসূচি পালন করতে যান তিনি। আমিনুল হক বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনা বিশ্বের যে প্রান্তে, যেখানে গিয়েই লুকিয়ে থাকুক না কেন, তাকে বাংলাদেশে এনে জাতির সামনে বিচার করা হবে।’

অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি সর্বাত্মকভাবে সহযোগিতা করছে উল্লেখ করে তিনি বলেন, ‘১৭ বছর ধরে এ দেশের মানুষ ভোট দিতে পারেনি। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচনে ভোট দিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই সরকার জনগণের কথামতো চলবে। বাংলাদেশের জনগণের কাছে থাকবে তার জবাবদিহি।’

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী মোস্তফা জামান, আখতার হোসেন, ঢাকা মহানগর সাবেক সদস্য হাজী মো. ইউসুফ, ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।