বৃষ্টি আর জলাবদ্ধতায় নগরবাসীর প্রতি যে অনুরোধ ডিএমপির

Waterloggin Dhaka Car
২২

সকাল থেকে ভারি বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জমে গেছে হাঁটু থেকে কোমরসমান পানি। এতে ইঞ্জিনে পানি ঢুকায় প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার বেশিরভাগই আটকে গেছে রাস্তার মাঝে। জলাবদ্ধতায় সড়কগুলোতে গাড়ির ধীরগতির কারণে সৃষ্টি হয়েছে যানজট। এ পরিস্থিতিতে নগরবাসীকে হাতে সময় নিয়ে বাসা থেকে বের হওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

শুক্রবার (১২ জুলাই) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ অনুরোধ জানানো হয়।

এতে বলা হয়, প্রচণ্ড বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকা ডুবে গিয়ে রাস্তায় অনেক গাড়ি বিকল হয়ে গেছে। এতে করে যানজটের সৃষ্টি হয়েছে। এ জন্য নগরবাসীকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য সময় হাতে নিয়ে বের হওয়ার অনুরোধ জানানো যাচ্ছে।

আরও বলা হয়, তুমুল বৃষ্টিতে রাজধানীর যেসব এলাকা তলিয়ে গেছে, সেসবের মধ্যে আছে ফকিরেরপুল, নয়াপল্টন, বায়তুল মোকাররম, শান্তিনগর, মালিবাগ মোড়, আরামবাগ, প্রগতি সরণি, নিউমার্কেট, ধানমন্ডি রাপা প্লাজা, বংশাল, মিরপুর রোকেয়া সরণি, দয়াগঞ্জ মোড়, সায়েদাবাদ বাস টার্মিনাল, নিমতলী, টয়েনবি সার্কুলার রোড, ধানমন্ডি ২৭, এলিফ্যান্ট রোড, মৎস্য ভবন, কারওয়ান বাজার, বিজয় সরণি, ঢাকা গেট ভিআইপি রোড ও মিরপুর মাজার রোড।

আবহাওয়া অধিদফতর জানায়, ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ঢাকায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) দেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কক্সবাজারে। ৩০৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এ সৈকত শহরে। কক্সবাজারে ভারি বৃষ্টির কারণে পাহাড় ধসের ঘটনাও ঘটেছে, যাতে নারী ও শিশু মিলিয়ে চারজনের মৃত্যু হয়েছে।

এছাড়া, চট্টগ্রামের সন্দ্বীপে ২১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এলাকায় পাহাড় ধসের সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া, সিলেটসহ উত্তরবঙ্গে নতুন করে বন্যার আশঙ্কা করা হচ্ছে।