দিনাজপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: শিশুসহ নিহত ৫, আহত অন্তত ২৫

Dinajpur News
৪০

দিনাজপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। আহতদের উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) ভোর ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের সদর উপজেলার শশরা ইউনিয়নের চকরামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, ভোরে চকরামপুর গ্রামে ঢাকা থেকে রানীশংকৈলগামী নাবিল পরিবহনের একটি কোচের সঙ্গে ও বিপরীতমুখী আম বোঝাই করা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক হাসু (৪০) ও নাবিল কোচের সহযোগী নিহত হয়। পরে আহত কয়েকজনকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত এক শিশুসহ ৩ জন মারা যান। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও অন্তত ২৫ জন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশের হেফাজতে রয়েছে বলেও জানান ফরিদ হোসেন। বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।