মাদককে না বলতে পারাটাই স্মার্টনেস: ডিএনসিসি মেয়র

Atikur 2406290717
২৪

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, যেসব তরুণরা মাদককে না বলতে পারে- তারাই প্রকৃত স্মার্ট, তারাই মডার্ণ। কারণ তারা জানে মাদক একটি নীরব ঘাতকের নাম, সব শেষ করে দেয়। তাই মাদক থেকে নিজেকে দূরে রেখে খেলাধুলায় বেশি করে ব্যস্ত রাখতে হবে।

শনিবার (২৯ জুন) সকালে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর পার্কে ঢাকা নর্থ মেয়র বাস্কেটবল টুর্নামেন্ট-২০২৪ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

একটি শিশুর সুষ্ঠু মেধা বিকাশ ঘটে খেলাধুলার মাধ্যমে। শিশু-কিশোরদের খেলাধুলার বিষয়ে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মেয়র বলেন, সন্তানদের প্রতি অভিভাবকদের আরও বেশি যত্নশীল হতে হবে। তাদের দামি দামি মোবাইল ফোন না কিনে দিয়ে খেলার সামগ্রী কিনে দিতে হবে। সেসব পেলে তারা ঠিকই মাঠে নেমে আসবে।

তিনি বলেন, বাচ্চাদের হাতে হাতে ফোন। দিনরাত তারা সেটা নিয়ে পড়ে থাকছে। তাদের এই অভ্যাসগুলি পরিবর্তন করতে হবে। আমাদেরকেই তাদের এই অভ্যাস পরিবর্তনের ব্যাপারে সহযোগিতা করতে হবে।

খেলাধুলার দরজা সবার জন্য উন্মুক্ত উল্লেখ করে তিনি বলেন, সিটি কর্পোরেশন তরুণ প্রজন্মকে স্বাগতম জানাতে প্রস্তুত। আমরা সব সময় তাদের পাশে থাকবো।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য খসরু চৌধুরী, সাবেক সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ।

উদ্বোধন শেষে টুর্নামেন্টের টফি উন্মোচন করা হয়েছ। টুর্নামেন্টে ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন একাডেমীর টিম অংশ গ্রহণ করছে।