জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও আম্মান আটক

Jnu Prot 20240316210445
৪০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ মার্চ) রাতে ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে আন্দোলনের অন্যতম সমন্বয়ক বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইভান তাহসিভ বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারসহ আমাদের ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘন্টা সময় বেঁধে দিয়েছি। এসময়ের মধ্যে যদি দাবি বাস্তবায়ন করা না হয় তাহলে আগামী সোমবার সকাল ১১টায় উপাচার্যের কার্যালয় ঘেরাও করা হবে।

প্রসঙ্গত, শুক্রবার (১৫ মার্চ) রাতে সহকারী প্রক্টর ও আম্মান সিদ্দিকী নামে এক সহপাঠীকে দায়ী করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেন ফাইরুজ অবন্তিকা নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক ছাত্রী। শুক্রবার রাত ১০টার দিকে কুমিল্লা নগরীর বাগিচাগাঁও ‘পিসি পার্ক স্মরণিকা’ নামে ১০ তলা ভবনের দ্বিতীয় তলার বাসায় আত্মহত্যা করেন তিনি। স্বজনরা তাকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফাইরুজ অবন্তিকা কুমিল্লা সরকারি কলেজের সাবেক শিক্ষক প্রয়াত অধ্যাপক জামাল উদ্দিনের মেয়ে।