তরুণ চিকিৎসকদের গ্রামে যাওয়ার অনুরোধ স্বাস্থ্যমন্ত্রীর

Samanta 20240305120933
১১০

তরুণ চিকিৎসকদের গ্রামে ও ঢাকার বাইরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা উন্নত করতে পারলে দেশের চিকিৎসাসেবা অনেক দূর এগিয়ে যাবে। এখন একটাই স্বপ্ন, চিকিৎসা ব্যবস্থাকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়া।

মঙ্গলবার (৫ মার্চ) সকালে রাজধানীর বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব কনভেনশন হলে বাংলাদেশ নিউরোলজিস্ট সোসাইটি আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।

যেসব চিকিৎসক প্রান্তিক অঞ্চলে কর্মরত থাকবেন তাদের সুরক্ষা ও অগ্রাধিকার দিয়ে নীতিমালা তৈরি করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। নীতিমালায় কতদিন প্রান্তিক অঞ্চলে থাকবেন, ট্রেনিং, প্রমোশনসহ সব সুযোগ-সুবিধা উল্লেখ করা হবে বলেও জানান মন্ত্রী।

এ সময় তরুণ চিকিৎসকদের উদ্দেশে ডা. সামন্ত লাল সেন বলেন, “আপনারা আমাকে সেবা দেন, আমি আপনাদের সব দিব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যসচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এ বি এম খুরশীদ আলম, স্বাস্থ্যশিক্ষা বিভাগের মহাপরিচালক টিটো মিঞা প্রমুখ।