ডিসি সম্মেলনে অবৈধ মজুতদারি ঠেকাতে আহ্বান প্রধানমন্ত্রীর

Pm 1
৮৪

আসন্ন রমজান মাস উপলক্ষ্যে বাজার পরিস্থিতির দিকে নজর দিতে হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোজায় কেউ যেন পণ্য মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। ভোক্তাদের কোনো ধরনের হয়রানির সম্মুখীন যেন না হতে হয় সেজন্য অবৈধ মজুতদারি ও খাদ্যে ভেজাল ঠেকাতে কঠোর আইনানুগ ব্যবস্থা প্রয়োগের আহ্বানও জানান তিনি।

রোববার (৩ মার্চ) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ের শাপলা হলে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

বক্তব্যে, এবারের নির্বাচন ৭৫ পরবর্তী সবচেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে এমন মন্তব্য করে শেখ হাসিনা বলেন, যারা দেশে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল, তাদের কাছেই নির্বাচন পছন্দ হয়নি। তবে সাধারণ মানুষ ও তরুণ ভোটারদের আগ্রহ সবচেয়ে বেশি ছিল বলেও জানান প্রধানমন্ত্রী। এ সময়, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রশাসনকে কৃতিত্বও দেন তিনি।

পৃথিবীর অনেক দেশেই মূল্যস্ফীতি ৪০ ভাগেরও বেশি জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের মূল্যস্ফীতি এখনও ১০ ভাগের নিচে আছে। সামনেই রমজান, তাই এ বিষয়ে আরও সচেতন হতে হবে। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমাতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে ভূমিকা রাখতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আরও উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক, সিনিয়র সচিব ও অন্য সচিব, সরকারের অন্য জ্যেষ্ঠ কর্মকর্তা, বিভাগীয় কমিশনার ও ডিসিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন মন্ত্রিপরিষদের যুগ্ম সচিব আনারকলি মাহবুব ও জিয়াউল হক।

উল্লেখ্য, মাঠ প্রশাসনকে উজ্জীবিত করতে মন্ত্রিপরিষদ বিভাগ প্রতি বছর ডিসি সম্মেলনের আয়োজন করে। এ বছর ৩ থেকে ৬ মার্চ পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হবে।