ঢাকায় মার্কিন প্রতিনিধিদল

News 1708755934611
১০৭

দুদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করতে ঢাকায় পৌঁছেছেন মার্কিন প্রতিনিধিদল। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

প্রতিনিধি দলে রয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এনএসসি) দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ডিরেক্টর এলিন লাউবাকের, ইউএসএআইডির এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর মাইকেল শিফার।

ঢাকায় পৌঁছানোর পর তারা গুলশানের হোটেল ওয়েস্টিনে ওঠেন। বিকেলে শ্রমিক সংগঠন এবং রাতে সুশীল সমাজের সঙ্গে সাক্ষাৎ করবেন আফরিন আক্তার।

এছাড়া আফরিন আক্তার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (উত্তর আমেরিকা অনু বিভাগ) খন্দকার মাসুদ আলমের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করবেন। এর পাশাপাশি পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন তিনি।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নতির পাশাপাশি জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক উন্নয়ন এবং মিয়ানমার পরিস্থিতি আলোচনায় আসতে পারে।

সংসদ নির্বাচনের আগে গত অক্টোবরে আফরিন আক্তার ঢাকা সফরে এসেছিলেন।

আগামী সোমবার (২৬ ফেব্রুয়ারি) পর্যন্ত ঢাকায় থাকার কথা রয়েছে দলটির।