ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য পদ স্থগিত করেছে হাইকোর্ট

Dhaka Prokah News13 20240201142148
৮৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মো. আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করে প্রকাশ করা ইসির গেজেট স্থগিত করেছেন হাইকোর্ট।

নির্বাচনে অনিয়ম সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রিটের পক্ষে শুনানি করা অ্যাডভোকেট মো. মজিবুর রহমান মিয়া।

এর আগে ভোটগ্রহণ ও ভোট গণনায় অনিয়ম ও কারচুপির অভিযোগে ঝিনাইদহ-১ আসনের এমপি পদের গেজেট স্থগিত চেয়ে ইলেকশন পিটিশন দায়ের করেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল।

গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ঝিনাইদহ-১ (শৈলকূপা) নৌকার প্রার্থী আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

ফল অনুযায়ী ওই আসনে আব্দুল হাই পেয়েছেন ৯৪ হাজার ৩৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল (ট্রাক প্রতীক) পেয়েছেন ৮০ হাজার ৫৪৭ ভোট।

আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৩৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৭৭ জন, নারী ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৫৯ জন। এখানে কেন্দ্রের সংখ্যা মোট ১১৭টি।