তারেক রহমানের এপিএসসহ সাতজনের মামলায় চার্জ শুনানি পেছালো

Mamla 2310291037
২৪

রাজধানীর মতিঝিল থানায় অর্থপাচার প্রতিরোধ আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক ব্যক্তিগত সহকারী মিয়া নুরউদ্দিন আহমেদ অপুসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ১৯ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) মামলাটি চার্জ শুনানির জন্য ছিল। কিন্তু এদিন অপু অসুস্থ থাকায় কারাগার থেকে তাকে আদালতে হাজির করেনি কর্তৃপক্ষ। এজন্য ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালত চার্জ শুনানির পরবর্তী এ তারিখ ঠিক করেন।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেন।

অপর আসামিরা হলেন—হুন্ডি ব্যবসায়ী আতিকুর রহমান আতিক, নাফিজ ইউনাইটেড করপোরেশনের ম্যানেজার ও স্বত্বাধিকারী মাহমুদুল হাসান ওরফে ফেরদৌস, তার ভাগ্নে এ এম আলী হায়দার ওরফে নাফিজ, আমেনা এন্টারপ্রাইজ অ্যান্ড সার্ভিসের ম্যানেজার জয়নাল আবেদীন এবং কর্মচারী আলমগীর হোসেন ও ফায়েজুর রহমান।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ২০১৮ সালের ২৪ ডিসেম্বর মতিঝিলের সিটি সেন্টারের একটি অফিসে অভিযান চালিয়ে সেখানে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অর্থ জব্দ করে। অভিযোগ ওঠে, নির্বাচনকে প্রভাবিত করতে ওই অর্থ মজুত করা হয়েছিল। এ ঘটনায় র‌্যাব-৩ এর নায়েব সুবেদার ইব্রাহিম হোসেন মতিঝিল থানায় অর্থ পাচার প্রতিরোধ আইনে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে ছয়জনকে অভিযুক্ত করে ২০২১ সালের ১৩ জুন আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইমের পরিদর্শক ইব্রাহিম হোসেন।