নিজেদের মনের শান্তির জন্য আবোল-তাবোল কথা বলছে বিএনপি : কাদের

Qader 20240116140248
২৮

নিজেদের মনের শান্তির জন্য বিএনপি নেতারা আবোল-তাবোল কথা বলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সেতু ভবনের সভাকক্ষে সেতু বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

বিএনপি বলছে নির্বাচনের পর আওয়ামী লীগের তৃণমূলের নেতারা ভয়ে আছে, এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, তারা বলেছে ইলেকশন করতে দেবে না, তারপরও নির্বাচন হয়েছে। তারা ভয়ের কোনো কারণ না। তারা আতঙ্ক সৃষ্টি করে গুপ্তহত্যা, গুপ্ত আক্রমণ, অগ্নিসন্ত্রাস করছে। ট্রেনে আগুন দিয়ে কীভাবে তারা মা-সন্তানকে পুড়িয়ে মারল। বাসে হেলপারদের মারল, পুলিশ পিটিয়ে মারল। এমন অপকর্ম যারা করে তারা কে কি বলল সেটা আমরা কিছু মনে করি না।

কাদের বলেন, তারা বলেছিল ইলেকশন করতে দেবে না, আমরা স্বাচ্ছন্দ্যে ইলেকশন করেছি। কিছু ঘটনা, সহিংসতা হয়েছে। কিন্তু বিএনপি যেটা ভেবেছিল সেরকম কিছু আসলে হয়নি। নির্বাচনে ভোটের হার ৪১.৮০। অথচ তাদের দাবি জনগণ সাড়া দিয়েছে। কিন্তু জনগণ তাদের কথায় কান দেয়নি। কেউই মাথা ঘামায়নি। সেজন্য তারা নিজেদের মনের শান্তির জন্য আবোল-তাবোল কথা বলছে।