শিল্পমন্ত্রীর ছেলে সাদীকে গ্রেপ্তারের নির্দেশ সিইসির

Image 258279 1704613078bdjournal
৭৬

নরসিংদী-৪ আসনের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট বই ছিনিয়ে নিয়ে নৌকা প্রতীকে জাল ভোট দেয়ার অভিযোগে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদীকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

রবিবার বেলা ১১টার দিকে সিইসি এই নির্দেশ দেন স্থানীয় প্রশাসনকে। গ্রেপ্তারের পর দ্রুত তথ্য জানাতেও বলেন প্রধান নির্বাচন কমিশনার।

এর আগে সকাল নয়টার দিকে জাল ভোটের অভিযোগে কেন্দ্রটির ভোটগ্রহণ বাতিল করেন নরসিংদীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বদিউল আলম।

জানা যায়, রোববার সকাল আটটার দিকে ভোটগ্রহণ শুরু হওয়ার পর পরই একদল কর্মী নিয়ে কেন্দ্রটিতে বেআইনিভাবে প্রবেশ করেন মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী। এ সময় তারা নির্বাচন কর্মকর্তাদের কাছ থেকে ১২টি ব্যালট বই ছিনিয়ে নিয়ে জোর করে নৌকা মার্কায় সিল মারেন।

এই আসনে নৌকা প্রতীকের প্রার্থী শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন পাঁচবারের উপজেলা চেয়ারম্যান ও নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য সাইফুল ইসলাম খাঁন বীরু।