দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু

Vote3 Bg 20240107084841
৩৮

বহুল আলোচিত এবং প্রতিক্ষীত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় দেশজুড়ে একযোগে শুরু হয়েছে ভোটগ্রহণ। যা টানা বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার কেন্দ্রগুলোতে ভোটারদের সারিবদ্ধ হয়ে ভোট দিতে দাঁড়াতে দেখা গেছে। তবে শীতের দিন হওয়ায় এখনও ভোটার উপস্থিতি কিছুটা কম। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নির্বাচনকেন্দ্রিক কোনো ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১ হাজার ৯৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ২৮টি রাজনৈতিক দলের প্রার্থী রয়েছেন ১ হাজার ৫৩৫ জন। এর বাইরে ৪৩৬ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। সবচেয়ে বেশি প্রার্থী রয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে। দলটির মোট ২৬৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এরপর দ্বিতীয় সর্বোচ্চ প্রার্থী জাতীয় পার্টির ২৬৫ জন। এরপর তৃতীয় সর্বোচ্চ প্রার্থী তৃণমূল বিএনপির ১৩৫ জন। এ ছাড়া ন্যাশনাল পিপলস পার্টির ১২২ জন প্রার্থী রয়েছেন। এর বাহিরে যে দলগুলো ভোটে অংশ নিচ্ছে সবগুলো দলের প্রার্থী এক শ’র নিচে। সবচেয়ে কম প্রার্থী রয়েছে বাংলাদেশ মুসলিম-লীগ এবং বাংলাদেশের সাম্যবাদী দল (মার্কসবাদী-লেনিনবাদী) এর। দুটি দল থেকে চার জন করে প্রার্থী রয়েছেন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার রয়েছেন ১১ কোটি ৯৩ লাখ ৩২ হাজার ৯৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫ লাখ ৯২ হাজার ১৯৭ জন ও নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৩৯ হাজার ৮৮৯ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৪৮ জন। নওগাঁ-২ আসনের একজন বৈধ প্রার্থী মারা যাওয়ায় আসনটির ভোট স্থগিত করা হয়েছে। ফলে ২৯৯টি আসনে ভোট হবে।