নির্বাচনে নাশকতাকারীর তথ্য দিলে ‌‘লাখ টাকা পুরস্কার’

৩৬

দ্বাদশ সংসদ নির্বাচনে দেশের কোথাও নাশকতাকারীর সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিলে ২০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও জানান তিনি।

আজ শুক্রবার দুপুরে পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

এদিকে, আজ শুক্রবার দুপুরে রাজধানীর কাকরাইলস্থ উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে নিরাপত্তা ব্রিফিং পরবর্তী মিডিয়া ব্রিফিংয়ে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘সম্প্রতি মাগুরায় ছাত্রদের একজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। নির্বাচন কেন্দ্রিক সহিংসতা ঘটানোর বেশকিছু তথ্য তার কাছ থেকে পাওয়া গেছে। সহিংসতা-নাশকতা করার জন্য তাদের বেশ কিছু পরিকল্পনার বিষয় আমরা জানতে পেরেছি। সেই আলোকে আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। এ বিষয়ে আরও তথ্য সংগ্রহ করছি।’