‘জামিন শুনানি এত জরুরি, এখন পেছাতে এসেছেন কেন?’

1704267609 E37b346f0fa087931722a57aedff8d56
২৬

প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন প্রশ্নে জারি করা রুলের শুনানি পেছানো হয়েছে।

আজ বুধবার ফখরুলের আইনজীবীর পক্ষে সময় আবেদন করলে বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ শুনানি এক সপ্তাহ পিছিয়ে দেন।

আদালতে সময় আবেদন করেন আইনজীবী ওয়ালিউর রহমান। তিনি মির্জা ফখরুলের আইনজীবীদের ব্যস্ততার কারণ উল্লেখ করে রুল শুনানি এক সপ্তাহ পেছাতে সময় আবেদন করেন।

তখন আদালত বলেন, জামিন শুনানি আগে এত জরুরি ছিল, এখন পেছাতে এসেছেন কেন? পরে আদালত ‘শুনানি এই সপ্তাহে না’ বলে আদেশ দেন বলে জানান বিএনপিপন্থী আইনজীবীরা।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর (শনিবার) বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। সেই মামলায় মির্জা ফখরুল ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে ফখরুলের গুলশানের বাসা থেকে আটক করে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।