কোটি কোটি মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে: কাদের

Kader
১৬

আগামী ৭ জানুয়ারির নির্বাচনে ভোট দেওয়ার জন্য দেশের কোটি কোটি মানুষ মুখিয়ে আছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)-এর এক গবেষণার উদ্ধৃতি দিয়ে ওবায়দুল কাদের বলেন, আইআরআই তাদের গবেষণা রিপোর্টে বলেছে বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে সমর্থন করে। আমরা ভয় পাবো কাকে। আমাদের জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে।

তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশের অস্তিত্বকে আরও সমৃদ্ধ, আরও উজ্জ্বল, আরও আলোকিত করার জন্য লড়ে যাচ্ছেন। শেখ হাসিনা আমাদের ডায়নামিক লিডার। ইনশাল্লাহ নির্বাচনে জয় আমাদের হবে। অসত্যের কাছে আমরা মাথা নত করবো না।

নির্বাচনের ভয় পাওয়ার কিছু নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এ আগুন সন্ত্রাস জ্বালাও-পোড়াও বারে বারে আমরা দেখেছি। এসব ষড়যন্ত্র, সন্ত্রাস মোকাবিলা করেই আমাদের লাল-সবুজের পতাকা হাতে হৃদয়ের বন্ধরে পৌঁছাবো ইনশাল্লাহ। সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি।