সাফল্য সব জনগণের, ভুলত্রুটি আমার : শেখ হাসিনা

Pm 02 1024x576
৩৭

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা মহামারীর পর দুটি যুদ্ধ সারাবিশ্বের জীবনমান বাধাগ্রস্ত করেছে। অবরোধ-পাল্টা অবরোধ দেয়া হয়েছে। অধিক মূল্যে পণ্য কিনতে বাধ্য করা হয়েছে। তাই চেষ্টা থাকা স্বত্বেও পণ্যের দাম সবসময় নিয়ন্ত্রণ করা যায়নি।

আওয়ামী লীগ কথামালার রাজনীতি বিশ্বাস করে না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এ পর্যন্ত সাফল্যের সব কৃতিত্ব জনগণের। ভুলত্রুটিগুলো তার নিজের। ভোট দিয়ে জয়যুক্ত করলে ভবিষ্যতে সে ভুলগুলো মাথায় নিয়ে দেশ পরিচালনা করবেন।

বুধবার (২৭ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহার ঘোষণার আয়োজনে একথা বলেছেন দলের সভাপতি।

এ সময় বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস দেখে ভয় পাবার কিছু নেই বলেও উল্লেখ করেন তিনি।

নির্বাচন এলেই একটি চক্র সক্রিয় হয়ে ওঠে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, পেছনের দরজা দিয়ে ঢুকতে একটি চক্র আটঘাট বেধে নেমেছে। প্রতিশোধ স্পৃহা, নাশকতা-বোমাবাজি, অগ্নিসন্ত্রাস করে মানুষকে ঘরবন্দি করে রাখতে চায় তারা। রেলে নাশকতা করে যাচ্ছে। মানুষ পুড়িয়ে মারছে। এক্ষেত্রে বিদেশ থেকেও কলকাঠি নাড়ানো হচ্ছে। এসব আর সহ্য করা যায় না।

সন্ত্রাস করে নির্বাচন বানচালের স্বপ্ন কোনো দিনই পূরণ হবে না বলেও উল্লেখ করেন বঙ্গবন্ধু কন্যা। বলেন, ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত যেভাবে ঘাতক-অগ্নিসন্ত্রাসীদের প্রতিহত করা হয়েছিল, সেভাবে এবারও প্রতিহত করবে জনগণ। বলেন, শকুনের দল যেন কখনও বাংলাদেশকে আর ক্ষতবিক্ষত না করতে পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।