শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ায় ভারতের সহযোগিতা অব্যাহত থাকবে: মোদি

Hasina Modi
৩৭

যৌথভাবে তিনটি প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার (১ নভেম্বর) বেলা গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নয়াদিল্লি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্প তিনটি উদ্বোধন করেন।

এ সময় নয়াদিল্লি থেকে ভার্চুয়ালি যুক্ত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

তিনি বলেন, আমরা গর্বিত, বাংলাদেশ আমাদের বৃহত্তম উন্নয়ন সহযোগী। শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে ভারতের সহযোগিতা অব্যহত থাকবে। বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মোদি।

মূলত, ৩৯২ কোটি ৫২ লাখ ভারতীয় রুপি ব্যয়ে সম্পন্ন হয়েছে আখাউড়া-আগরতলা আন্তঃসীমান্ত রেল সংযোগ প্রকল্পটি। বাংলাদেশে ৬ দশমিক ৭৮ কিলোমিটার ডুয়েল গেজ এবং ত্রিপুরায় ৫ দশমিক ৪৬ কিলোমিটার রেললাইনসহ এই রেল সংযোগের দৈর্ঘ্য ১২ দশমিক ২৪ কিলোমিটার। এ ছাড়া ৩৮৮ দশমিক ৯২ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে ভারত সরকারের ছাড়ের লাইন অব ক্রেডিটের অধীনে বাস্তবায়িত হয়েছে খুলনা-মোংলা বন্দর রেললাইন প্রকল্পটি। এর মাধ্যমে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর মোংলা ব্রডগেজ রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে। পাশাপাশি মৈত্রী সুপার থার্মাল বিদ্যুৎ প্রকল্পে ১ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারের ভারতীয় ঋণ সহায়তার আওতায় খুলনা বিভাগের রামপালে অবস্থিত একটি ১ হাজার ৩২০ মেগাওয়াট সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট (এমএসটিপিপি) প্রকল্প বাস্তবায়িত হয়।