বুধবার দেশে ফিরছেন রাষ্ট্রপতি

Image 245864 1698671741
৪১

চিকিৎসা শেষে আগামী বুধবার (১ নভেম্বর) সিঙ্গাপুর থেকে দেশে ফিরবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, সোমবার সকালে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রাষ্ট্রপতির শারীরিক অবস্থার পরীক্ষা-নিরীক্ষা করা হয়। রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসকরা রাষ্ট্রপতির শারীরিক সুস্থতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

পরে সার্জারি পরবর্তী রাষ্ট্রপতির চিকিৎসা ও শারীরিক অবস্থা পর্যালোচনার লক্ষ্যে গঠিত চিকিৎসকদের এক বোর্ড সভায় বিভিন্ন রিপোর্ট ও শারীরিক অবস্থা বিবেচনা করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১ নভেম্বরের মধ্যেই বিমানে ভ্রমণ করতে পারবেন বলে মতামত দেয়।

এর আগে, গত ১৮ অক্টোবর রাষ্ট্রপতির বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়।

গত ১৬ অক্টোবর রাষ্ট্রপতি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা এবং সংশ্লিষ্ট সচিবরা তার সঙ্গে রয়েছেন।