বিপদসীমার ৪৭ সেন্টিমিটার ওপরে সুরমার পানি

২৬

নিজস্ব প্রতিবেদক : গত কয়েক দিনের টানা ভারিবর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের কয়েকটি নদ-নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে দেশের তিনটি স্থানে নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সুনামগঞ্জ জেলার সবকটি নদ-নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। শুধু গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি শহরের ষোলঘর পয়েন্টে বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এই নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া যদুকাটা নদীর পানি লরেরগড় পয়েন্টে বিপৎসীমার ১১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

শুক্রবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

বন্যা তথ্যকেন্দ্রের এই পূর্বাভাসে আরো বলা হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা এবং সুরমা নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে কুশিয়ারা নদীর পানি হ্রাস পাচ্ছে। ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি বৃদ্ধি আগামী ৭২ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানি বৃদ্ধিও আগামী ৭২ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে। তবে আগামী ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এছাড়া কুশিয়ারা নদীর পানি স্থিতিশীল হয়ে যেতে পারে।