রাজারবাগ পুলিশ হাসপাতালে আগুন

Police Hospital 20231028154427
৩২

রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

শনিবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের দুটি অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিয়েছে। এ ছাড়া হাসপাতালের গেটসহ একাধিক স্থাপনায় হামলা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

কীভাবে আগুন লেগেছে, তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে পুলিশ বলছে, বিএনপির নেতাকর্মীরা হাসপাতালে আগুন লাগিয়ে দিয়েছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আগুনের ঘটনায় দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আগুন লেগেছে নাকি কেউ আগুন লাগিয়েছে—সে তথ্য আমাদের কাছে নেই।

এর আগে, দুপুর আড়াইটার দিকে পুলিশি বাধার মুখে বিএনপির নয়াপল্টনের সমাবেশ পণ্ড হয়ে যায়। ধাওয়া খেয়ে নেতাকর্মীরা চারদিকে ছড়িয়ে পড়ে। পরে নয়াপল্টন এবং রাজধানীর অন্যান্য স্থানে বিএনপি-পুলিশ-আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষ হয়। এসব ঘটনায় বিএনপির বহু নেতাকর্মীর পাশাপাশি পুলিশ ও সাংবাদিক আহত হয়েছেন। পুলিশ দাবি করেছে, তাদের ৪১ জন সদস্য আহত হয়েছেন।