বিএনপির সঙ্গে সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত

Image 245559 1698491091
২৫

রাজধানীর দৈনিক বাংলা মোড়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল (৩২) নিহত হয়েছেন। তার তার নাম-পরিচয় এখনও জানা যায়নি।

শনিবার (২৮ অক্টোবর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরের দিকে দৈনিক বাংলা মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে বিএনপি নেতাকর্মীদের ছোড়া একটি ইট নিহত কনস্টেবলের মুখে লাগে। এতে গুরুতর আহত হন তিনি। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কে এন রায় নিয়তি জানান, সংঘর্ষে একজন পুলিশ সদস্য মারা গেছেন। তবে তার নাম জানা যায়নি। পরিচয় নিশ্চিত হলে দ্রুত জানানো হবে।

এদিকে রাজধানীর নয়াপল্টন, কাকরাইল ও নাইটিঙ্গেল মোড়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলছে। এতে এখন পর্যন্ত ৪১ জন পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।