ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, চিকিৎসাধীন ৮২২৪

৩২

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন ঢাকার বাইরের বাসিন্দা।

মঙ্গলবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৬০৯ জন। এর মধ্যে ঢাকা সিটির ৫৬১ জন এবং ঢাকা সিটির বাইরে ২ হাজার ৪৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮ হাজার ২২৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৪৪ হাজার ৬৯৮ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৩৫ হাজার ২৮৪ জন। মারা গেছেন ১ হাজার ১৯০ জন। এরমধ্যে ঢাকা সিটির ৭৩৯ জন এবং ঢাকা সিটির বাইরের ৪৫১ জন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।