তেল-গ্যাস নিয়ে চিন্তায় আছি: নসরুল হামিদ

27a185f8c4a7c393b32a796713d1d84ba4be31f9fe9683e9
৬৫

তেল ও গ্যাস- দুটো নিয়েই চিন্তার কথা উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের প্রভাব জ্বালানির দামের ওপর পড়লে কেবল বাংলাদেশ নয়, পুরো বিশ্বই ক্ষতিগ্রস্ত হবে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) ‘স্মার্ট গ্রিড রোডম্যাপ ইন বাংলাদেশ ফেজ টু’ শীৰ্ষক সমীক্ষা বাস্তবায়নের অংশ হিসেবে স্মার্ট গ্রিড এক্সপেরিয়েন্স দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

এ সময় জ্বালানি না পেলে অথবা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সৌরশক্তি ব্যবহার করার পরিকল্পনা রয়েছে বলেও জানান নসরুল হামিদ। বলেন, বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে তেলের দাম নির্ধারণের ফর্মূলা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন সেটি অনুমোদন হওয়ার অপেক্ষা রয়েছে। এটি নির্বাচনের পর অনুমোদন পেতে পারে।

স্মার্ট গ্রিডের ফার্স্ট ফেজে কিছু সমস্যা খুঁজে বের করা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সেকেন্ড ফেজে এটি মাথায় রেখেই কাজ করা হবে। রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করতে এটি কাজে লাগবে। ২০২৪ সালের সেপ্টেম্বর নাগাদ সঞ্চালন লাইনও প্রস্তুত হয়ে যাবে।