এক মিনিট ‘শব্দহীন’ ছিল ঢাকা

1697344832 56d20c76b7d9da73dc4055468d1d69cd
২০

শব্দদূষণের বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘শব্দদূষণ বন্ধ করি, নীরব মিনিট পালন করি’ স্লোগানে এক মিনিট শব্দহীন কর্মসূচি পালন করা হয়েছে।

রাজধানীতে আজ রবিবার সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ সচিবালয়ের পাশে ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে কর্মসূচি পালনের সময় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাব উদ্দিন, উপমন্ত্রী হাবিবুন নাহার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্ত্রী শাহাব উদ্দিন বলেন, ‘আমরা যখন বিদেশে বা ক্যান্টনমেন্ট এলাকায় যাই, তখন শব্দদূষণ করি না। ক্যান্টনমেন্টের বাইরে গেলে আবার হর্ন বাজাই। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে।’

সকাল সাড়ে ৯টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত রাজধানীর ১১টি গুরুত্বপূর্ণ স্থানে এই বিশেষ কর্মসূচি পালন করা হয়েছে। অন্য স্থানগুলো হলো- শাহবাগ মোড়, উত্তরা, বিজয় সরনি মোড়, মিরপুর-১০ নম্বর গোলচত্বর, গাবতলী, মগবাজার, মহাখালী, গুলশান-১, বাসাবো বৌদ্ধ মন্দির ও যাত্রাবাড়ী চৌরাস্তা।