অন্তিম মুহূর্তের গোলে মোহামেডানকে হারাল আবাহনী

৮৭

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে প্রথম ম্যাচে জয় পায় ঢাকা আবাহনী। পরের ম্যাচেই হার মানে তারা। অন্যদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের প্রথম দুই ম্যাচের দুটিতেই হার মানে। এমন অবস্থায় আজ সোমবার নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় দেশের ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বি দুই ক্লাব আবাহনী ও মোহামেডান।

ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোল করতে পারেনি। সবাই ধরেই নিয়েছিল ম্যাচটি ড্র হতে যাচ্ছে। কিন্তু ম্যাচের যোগ করা সময়ের অন্তিম মুহূর্তে আবাহনীর রুবেল মিয়া গোল করে পূর্ণ তিন পয়েন্ট ছিনিয়ে নেন মোহামেডানের কাছ থেকে।

কিন্তু সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ২১ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল মোহামেডান। এ সময় ওয়ালি ফয়সালের ক্রস থেকে বল পেয়ে হেড নেন সাদা-কালো শিবিরের নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ডার্লিংটন। কিন্তু তার নেওয়া হেড অল্পের জন্য মিস হয়। ৩১ মিনিটে আবাহনীর আব্দুল বাতেন মজুমদার কমল পাল্টা আক্রমণে বল নিয়ে এগিয়ে যান। তার নেওয়া শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন মোহামেডানের গোলরক্ষক মামুন। এতে করে প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবেই শেষ হয়।

বিরতির পর ৬২ মিনিটে আবাহনীর গাম্বিয়ান ডিফেন্ডার সামাদ ইউসিফ ২৫ গজ দূর থেকে শট নেন। তার নেওয়া শট ধরে ফেলেন মোহামেডানের গোলরক্ষক মামুন। পরের মিনিটেই আরো একটি সুযোগ পেয়েছিল আবাহনী। কিন্তু এবারও মামুন দারুণ দক্ষতায় অক্ষত রাখেন গোলপোস্ট। ৮৯ মিনিটে দুই দুইবার দারুণ প্রচেষ্টা চালিয়েও গোল করতে পারেনি মোহামেডানের খেলোয়াড়রা। গোলের সহজ সুযোগ নষ্ট করেন মোহামেডানের নাইজেরিয়ান ফরোয়ার্ড নাকোচা কিংসলে।

এরপর যোগ করা সময়ের অন্তিম মুহূর্তে গোল করে দলের জয় নিশ্চত করেন আবাহনীর রুবেল মিয়া। এ সময় নাবীব নেওয়াজ জীবনের কাছ থেকে বল নিয়ে মোহামেডানের গোলরক্ষক মামুন মিয়াকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান তিনি। আর উল্লাসে ফেটে পড়ে আকাশী-নীল শিবির।