ব্রাসিলিয়াতে ব্রাজিল-বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে আলোচনা

৭০

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে ব্রাজিল ও বাংলাদেশের দ্বিতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ অক্টোবর) ব্রাসিলিয়াতে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্রসচিবের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের পক্ষে অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন নেসা। ব্রাজিল সরকারের পক্ষে নেতৃত্ব দেন ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল অ্যাম্বাসাডর মারিয়া রোশা, এশিয়া প্যাসিফিক ও রাশিয়া বিভাগের সেক্রেটারি অ্যাম্বাসাডর অ্যাডুয়ার্ডো সাবোয়া এবং সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য কূটনীতিক।

দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠকে জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন অভীষ্ট, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, নারীনীতি ও মানবাধিকার, জাতিসংঘ পুনর্গঠন বিষয়ে স্ব-স্ব রাষ্ট্রের অবস্থান নিয়ে বিশদ আলোচনা হয়।

এ ছাড়া বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাব্য ক্ষেত্রগুলো, দক্ষিণ আমেরিকার আঞ্চলিক বাণিজ্য জোট মারকসুরের সঙ্গে বাংলাদেশ পিটিএ/এফটিএ সংক্রান্ত আলোচনা প্রাধান্য পায়।