আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না পররাষ্ট্রের জাকির

৩০

প্রায় ৫৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. জাকির হোসেনের পাসপোর্ট জমা রাখার শর্তে জামিন বহাল রেখেছেন আদালত। তিনি আদালতের অনুমতি ছাড়া দেশ ত্যাগ করতে পারবেন না।

বুধবার (২৭ সেপ্টেম্বর) আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহীমের চেম্বার আদালত এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ খুরশীদ আলম খান।

গত ১৭ সেপ্টেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ জাকির হোসেনের জামিন মঞ্জুর করে আদেশ দেন। পরে জামিন বাতিল চেয়ে আপিল বিভাগে আবেদন করে দুদক। সে আবেদনের ওপর বুধবার শুনানি হয়।

তার আগে গত ২৯ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল বিন আতিক জাকির হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।

জাকির হোসেন ১৯৯২ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তিনি ১৯৯৫ সালে কুয়েত দূতাবাসে এবং ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত কেনিয়ার নাইরোবিতে বাংলাদেশ হাইকমিশনে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ১৪ মার্চ তার বিরুদ্ধে মামলা করে দুদক।