‘সিন্ডিকেট ভাঙতে না পারলে আলু আমদানি করা হবে’

সিন্ডিকেট ভাঙতে না পারলে ডিমের মতো আলুও আমদানি করা হবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে রংপুর নগরীর উত্তম হাজীরহাট এলাকায় কোল্ডস্টোরেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কোল্ড স্টোরেজে আলুর দর ২৭ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। আরও ৩-৪ দিন পর্যালোচনা করা হবে। এরমধ্যে সিন্ডিকেট ভাঙতে না পারলে ডিমের মতো আলুও আমদানির জন্য সরকারের কাছে সুপারিশ করা হবে বলেও জানান এ এইচ এম সফিকুজ্জামান।

এ এইচ এম সফিকুজ্জামান বলেন, এখানে রাসেল নামের এক ব্যক্তি নিজের উৎপাদিত আড়াই হাজার বস্তা আলু ও স্থানীয় কৃষকদের সাড়ে ১২ হাজার বস্তা নিজের নামে রেখেছেন। এভাবে তিনি সিন্ডিকেট গড়ে তুলেছেন। আরমান কোল্ডস্টোরেজে এখনও পর্যাপ্ত আলু মজুত রয়েছে। আর দেড় থেকে দুই মাসের মধ্যে আলু বের না করা হলে আলু পচে যাবে। এরপরও সিন্ডিকেট ব্যবসায়ীরা আলু বের না করে মজুতের দিকে ঝুঁকছেন।

এ সময় রংপুর জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলামসহ ভোক্তা অধিদপ্তর ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।