আগস্টে রেকর্ড মূল্যস্ফীতির প্রধান নায়ক মুরগি ও ডিম: পরিকল্পনামন্ত্রী

৩৭

আগস্টে খাদ্য খাতে ১২ দশমিক ৫৪ শতাংশ মূল্যস্ফীতি প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, এটা বেড়েছে এটাকে অ্যাড্রেস করার চেষ্টা করবো। শিগগির এটা কমানোর চেষ্টা করবো। আগস্টে মূল্যস্ফীতির নায়ক মুরগি ও ডিম। এরা প্রধান নায়ক ছিল।

মঙ্গলবার পরিকল্পনা কমিশনে একনেক সভা শেষে মন্ত্রী এসব কথা বলেন।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী এবং একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমাদের যে মূল্যবৃদ্ধি এটা টেকসই মানের। সহনীয় মাত্রায় বাড়ছে। শ্রীলঙ্কা কিন্তু এক লাফে উঠেছিল আবার এখন নামছে। আমাদের বৃদ্ধিও হয়েছে সহনীয় এবং কমবেও সহনীয়।’

পরিকল্পনামন্ত্রী জানান, একনেক সভায় ১৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ১৮ হাজার ৬৬ কোটি ৫২ লাখ টাকা ব্যয় হবে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১২ হাজার ৬০ কোটি ১৯ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ৫ হাজার ৫৫৫ কোটি ৬১ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন ৪৫০ কোটি ৭২ লাখ টাকা।