মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানালেন শেখ হাসিনাসহ বিশ্ব নেতারা

৬৬

ভারতবর্ষের স্বাধীনতা ও নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম নেতা মোহনদাস করমচাঁদ গান্ধীর (মহাত্মা গান্ধী) সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে দিল্লির রাজঘাটে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। পুষ্পস্তবক অর্পণ শেষে মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তিনি।

শেখ হাসিনা ছাড়াও জি-২০ শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাতে দিল্লির রাজঘাটে উপস্থিত হন অন্য বিশ্ব নেতারাও।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বৃষ্টিস্নাত সকাল থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে এবং পুষ্পস্তবক অর্পণ করতে আসা জি-২০ বিশ্ব নেতাদের স্বাগত জানান।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় ​​বঙ্গ এবং আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা প্রথমে রাজঘাটে পৌঁছান। সেখানে আরও উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং।

এরপর একে একে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটসহ মিসর, নাইজেরিয়া ও আর্জেন্টিনার প্রেসিডেন্ট অনুষ্ঠানস্থলে পৌঁছান। পরে দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

এর আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক দ্বিতীয় দিনের সম্মেলন শুরু হওয়ার আগেই রোববার সকালে দিল্লির অক্ষরধাম মন্দিরে পূজা দেন।