সংখ্যালঘু বলে নিজেদের ছোট করবেন না: প্রধানমন্ত্রী

৭০

সনাতন সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংখ্যালঘু বলে নিজেদের ছোট করবেন না। এখানে সংখ্যালঘু ও সংখ্যাগুরু বলে কোনো কথা নাই।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) গণভবনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, এখন ধর্মীয় কোনো বৈষম্য নেই। যোগ্যতা দেখেই মূল্যায়ন করা হয়, এখানে ধর্মীয়ভাবে কোনো চিন্তা করা হয় না। বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ দেশ। এখানে সকল ধর্মের মানুষ যার যার ধর্ম, সে সে পালন করবে। ধর্ম যার যার, উৎসব সকলের। আমরা সব ধর্মের মানুষ একসঙ্গে উৎসবে সামিল হতে চাই।

এ সময় সব ক্ষেত্রেই কিছু স্বার্থান্বেষী মানুষ থাকে, তারা কিছু সমস্যা সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির শাসনামলে ঢাকেশ্বরী মন্দিরসহ সারা দেশে ধর্মীয় উপাসনালয়ে ভাঙচুর করা হয়েছিল জানিয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেগুলো সংস্কার করেছে। জরাজীর্ণ মন্দিরগুলো সংস্কার করা হচ্ছে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে।

‘স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে সব ধর্মের মানুষ সমান সুযোগ-সুবিধা ও অধিকার নিয়ে বাঁচবে। কারণ আমরা শান্তিতে বিশ্বাস করি,’ বলেন তিনি।