এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

৩৪

নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম. নাজমুল হাসানকে এডমিরাল পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

রবিবার (৩ সেপ্টেম্বর) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান লেফট্যানেন্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান নৌবাহিনী প্রধানকে এডমিরাল র‍্যাংক পরিয়ে দেন।

এ সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল ওয়াকার উজ-জামান ও সিনিয়র সচিব প্রতিরক্ষা মন্ত্রণালয় গোলাম মো. হাসিবুল আলম উপস্থিত ছিলেন।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে চলতি বছরের ২৪ জুলাই বাংলাদেশ নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

তিনি বাংলাদেশ নৌবাহিনীতে ১৯৮৬ সালের ১ জুলাই কমিশন লাভ করেন। সুদীর্ঘ ও বর্ণাঢ্য চাকরিজীবনে তিনি বিভিন্ন স্টাফ, ইন্সট্রাকশনাল এবং কমান্ড দায়িত্বে নিয়োজিত ছিলেন।

নাজমুল হাসান নৌসদরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স), সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল), পরিচালক নৌ অপারেশন্স ও নৌ গোয়েন্দা এবং সশস্ত্র বাহিনী বিভাগে অসামরিক-সামরিক সংযোগ পরিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধজাহাজ বানৌজা ওমর ফারুকসহ চারটি যুদ্ধজাহাজের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন নৌবাহিনী প্রধান। এ ছাড়া তিনি বাংলাদেশ নেভাল একাডেমির কমাড্যান্ট এবং নেভাল এভিয়েশন ও বাংলাদেশ নৌবাহিনীর স্পেশাল ফোর্স (সোয়াডস) কমান্ড করেন।