অবকাশ ছুটিতে বিচারে বসবে ২৬ হাইকোর্ট বেঞ্চ

৬৩

নিয়মিত সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির সঙ্গে ২৩ কর্ম দিবসের অবকাশ ছুটি মিলিয়ে এক মাসেরও বেশি সময় বন্ধ থাকবে দেশের সর্বোচ্চ আদালতের নিয়মিত বিচারকাজ।

আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে এ অবকাশ। চলবে ৫ অক্টোবর পর্যন্ত। ৬ ও ৭ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় সুপ্রিম কোর্ট নিয়মিত বিচারকাজে ফিরবে ৮ অক্টোবর।

সব মিলিয়ে টানা ৩৭ দিনের জন্য ছুটিতে পড়ছে দেশের শীর্ষ আদালত।

অবকাশের ২৩ দিনের ছুটিকে দুই পর্বে ভাগ করে এ সময়ের জন্য মোট ২৬টি হাইকোর্ট বেঞ্চ গঠন করে দিয়েছেন বিদায়ী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো. মিজানুর রহমানের স্বাক্ষরে গত ৩১ আগস্ট এ সংক্রান্ত দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে।

বিজ্ঞপ্তিতে এখতিয়ারসহ অবকাশকালীন বেঞ্চের তালিকা দেওয়া হয়েছে।

প্রথম পর্বের জন্য ১৫টি অবকাশকালীন বেঞ্চ : আগামীকাল রবিবার (৩ সেপ্টেম্বর) থেকে শুরু হতে যাওয়া অবকাশের প্রথম পর্ব ধরা হয়েছে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের জন্য প্রধান বিচারপতি ১৫টি হাইকোর্ট বেঞ্চ গঠন করে দিয়েছেন। তার মধ্যে দ্বৈত বেঞ্চ ১২টি, বাকি ৩টি একক বেঞ্চ।

দ্বিতীয় পর্বের জন্য ১৫টি অবকাশকালীন বেঞ্চ : প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী অবকাশের দ্বিতীয় পর্ব ধরা হয়েছে ২০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত। এ সময়ের জন্য প্রধান বিচারপতি ১১টি বেঞ্চ গঠন করে দিয়েছেন। তার মধ্যে ৭টি দ্বৈত, ৪টি একক বেঞ্চ।

সংবিদানের ৯৬ অনুচ্ছেদ অনুসারে বিচারকরা ৬৭ বছর পর্যন্ত পদে থাকতে পারেন। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর ৬৭ বছর পূর্ণ হবে আগামী ২৫ সেপ্টেম্বর।

ওইদিন তিনি অবসরে যাবেন। তার আগে এসব বেঞ্চ গঠন করে দিয়ে গেলেন বিচার বিভাগের প্রধান।