শ্বাসরুদ্ধকর লড়াইয়ে বেনজেমার দলের বিপক্ষে জিতল নেইমারের দল

২৩

প্রথমার্ধ শেষে ৩-১ গোলের ব্যবধানে এগিয়ে ছিল করিম বেনজেমার দল আল ইত্তিহাদ। দ্বিতীয়ার্ধে নেমে সেই সমীকরণ পুরোপুরি বদলে দেয় আল হিলাল। ১১ মিনিটের ব্যবধানে তিন গোল করে স্বাসরুদ্ধকর জয় নিয়ে মাঠ ছেড়েছে নেইমারের দল।

শুক্রবার রাতে মৌসুমে নিজেদের পঞ্চম ম্যাচে আল ইত্তিহাদকে ৪-৩ গোলে হারিয়েছে আল হিলাল।

ইনজুরির কারণে নেইমার না থাকলেও এই ম্যাচে খেলেছেন ফরাসি তারকা করিম বেনজেমা। দলের হয়ে একটি গোলও করেছেন তিনি।

তবে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় ব্যালন ডি’অর জয়ী তারকাকে।

তারকা বহুল দুই দলের এই মহারণে ১৬তম মিনিটে রোমারিনহোর গোলে লিড নেয় ইত্তিহাদ। ২০তম মিনিটে মিত্রভিচের দুর্দান্ত ভলিতে সমতায় ফেরে আল হিলাল।

৩৮তম মিনিটে অধিনায়ক করিম বেনজেমার দারুণ ট্যাপ ইন গোলে আবারও লিড নেয় ইত্তিহাদ।

প্রথমার্ধের যোগ করা সময়ে আব্দের্রাজ্জাক স্কোর শিটে নাম তুললে ৩-১ গোলের লিড পায় ইত্তিহাদ।

তবে ৬০তম মিনিটে নিজের দ্বিতীয় এবং ৬৫তম মিনিটে পেনাল্টি কিক থেকে তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন হিলালের সার্বিয়ার তারকা মিত্রভিচ। স্কোর লাইনে আসে ৩-৩ এর সমতা।

ম্যাচে ৭১তম মিনিটে অধিনায়ক সালেম আল দাউসারি গোল করলে ৪-৩ গোলের জয় পায় নেইমারবিহীন আল হিলাল।

এই জয়ে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখন আল হিলাল। সমান ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে আল হিলালের ঘাড়ে নিশ্বাস ফেলছে আল ইত্তিহাদ। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর।