ফকির এখন পান্তা ভাত খায় না, উল্টো ইংরেজি শোনায় : মতিয়া চৌধুরী

২০

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, ঢাকা শহর বা গ্রামের কোথাও ফকিরকে পান্তা ভাত দিলেও তারা খেতে চান না। উল্টো ইংরেজি শোনায়, বলে আমার তো গ্যাস্ট্রিক। আমি পান্তা ভাত খাইতে পারি না। আল্লাহর ইচ্ছা ছাড়া আমরা এটাও শুনতে পারতাম না। এখন আর পুরাতন কাপড় বিক্রি হয় না। ক্রেতাও পাওয়া যায় না।

শনিবার (২৬ আগস্ট) সকালে ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধু জাদুঘর প্রাঙ্গণে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সকল সদস্যদের স্মরণে এক শোক সভা তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা অন্ন-বস্ত্র ও সার্বজনীন শিক্ষার জন্য বিনা পয়সা বই ও লেখাপড়ার ব্যবস্থা করেছেন। শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করছেন। দেশকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য অবিরাম কাজ করছেন।

শোক সভায় বাংলাদেশে নিযুক্ত ইইউ, আমেরিকান, কানাডা, চীন, অস্ট্রেলিয়া, নেপাল, ভিয়েতনাম, কসোভো, আর্জেন্টিনা, জার্মানি ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির নেতাকর্মী ও রাষ্ট্রদূতরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

awamileg-20230826135700