প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন রওশন এরশাদ

৩৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

শনিবার (১৯ আগস্ট) গণভবনে তাদের সাক্ষাৎ হয়েছে বলে নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন।

এ সময় প্রধানমন্ত্রী কুশল বিনিময় করেন ও রওশন এরশাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রওশন এরশাদ দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করেন। সংসদীয় গণতন্ত্রে গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য জাতীয় পার্টিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এছাড়া গণতন্ত্র এবং সাংবিধানিক সরকারব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে বিরোধী দলগুলোর দায়িত্বশীল ভূমিকার বিষয়েও আলোচনা করেন দুই নেত্রী।

জানা যায়, রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসিহ এবং ছেলে রাহগির আল মাহী সাদ এরশাদ এমপি এ সময় বিরোধীদলীয় নেতার সঙ্গে ছিলেন।