মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ২০ অক্টোবর

৩৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০ অক্টোবর মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

একইসঙ্গে আগামী ২ সেপ্টেম্বর যান চলাচলের জন্য ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে ফার্মগেট অংশ খুলে দেয়া হচ্ছে বলেও জানান তিনি। ইতোমধ্যে টোলও নির্ধারণ করেছে সরকার যা চার ক্যাটাগরিতে যানবাহনের কাছ থেকে আদায় করা হবে।

রবিবার (২০ আগস্ট) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে তিনি এসব তথ্য জানান।

চার ক্যাটাগরিতে টোল আদায় হবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘ক্যাটাগরি-১ এ কার, ট্যাক্সি, জিপ, স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল, মাইক্রোবাস (১৬ সিটের কম) এবং হালকা ট্রাক (৩ টনের কম) ৮০ টাকা, ক্যাটাগরি-২ এ মাঝারি ট্রাক (৬ চাকা পর্যন্ত) ৩২০ টাকা, ক্যাটাগরি-৩ এ ট্রাক (৬ চাকার বেশি) ৪০০ টাকা, ক্যাটাগরি-৪ এ সব ধরনের বাস (১৬ সিট বা তার বেশি) ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ১৬ সেপ্টেম্বর এমআরটি লাইন ৫ নর্দান রোডের নির্মাণকাজের উদ্বোধন হবে। এ উপলক্ষে সাভারে সুধী সমাবেশ হবে। ২২ অক্টোবর নবনির্মিত সড়ক ভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪০টি সেতু উদ্বোধন করবেন। একই সঙ্গে উদ্বোধন করা হবে ১২টি ওভারপাস। এর সঙ্গে যানবাহনের ফিটনেস ভেহিকেল ইন্সপেকশন সেন্টার (ভিওসি) উদ্বোধন করা হবে। সড়ক ভবনে থেকে ভার্চ্যুয়ালি এগুলো উদ্বোধন করা হবে।