বিএনপি মিথ্যা বলে জনগণকে বিভ্রান্ত করে: খাদ্যমন্ত্রী

২৬

বিএনপি সব সময় মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শুক্রবার বিকালে নওগাঁর সাপাহারের গোয়ালা মিরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সমাবেশ ও বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে বিএনপি দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। তাদের (বিএনপির) মুখে গণতন্ত্রের কথা মানায় না। জনগণ তাদের মিথ্যা আশ্বাসে ভুল সিদ্ধান্ত নিবে না।

সাধন চন্দ্র মজুমদার বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর তার মরদেহ টুঙ্গিপাড়ায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই দাফন করা হয়েছে। কিন্তু জিয়াউর রহমানকে হত্যার পর তার লাশও খুঁজে পাওয়া যায়নি।

জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করবে। এসময় তিনি স্মার্ট বাংলাদেশ গড়তে উন্নয়নের পথ বেছে নিতে জনগণের প্রতি আহবান জানান।

বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন, তাদের সময়ে খাদ্য গুদাম খালি ছিল। মাত্র সাড়ে তিন লাখ মেট্রিক টন চাল মজুত ছিলো। এখন সরকারের গুদামে ২১ লাখ মেট্রিক টনের চাল মজুত আছে। ভবিষ্যতের কথা ভেবে মজুতের পরিমাণ আরো বাড়ানো হচ্ছে।

গোয়ালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামশুল আলম শাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার।