উয়েফার বর্ষসেরার তালিকায় মেসি-ডি ব্রুইনে-হালান্ড

২০

২০২২-২৩ মৌসুমের সেরা ফুটবলারদের তালিকা প্রকাশ করেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। বর্ষসেরা ফুটবলারের লড়াইয়ে শীর্ষ তিনে জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি, কেভিন ডি ব্রুইনে ও আরলিং হালান্ড।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) এই তালিকা প্রকাশ করে উয়েফা।

এছাড়াও উয়েফার বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তিন জনের তালিকায় মনোনয়ন পেয়েছেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা, ইন্টার মিলানকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের মঞ্চে তুলে দেওয়া সিমোনে ইনজাঘি ও তিন দশক পর নাপোলিকে সিরি ‘আ’র শিরোপা জেতানো লুসিয়ানো স্পালেত্তি।

পুরো মৌসুম জুড়ে খেলোয়াড়দের ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচের পারফর্ম্যান্সের ভিত্তিতে এই পুরস্কারটি দেওয়া হয়।

উয়েফা বর্ষসেরার পুরস্কারের জন্য প্রথমে সংস্থাটির টেকনিক্যাল স্টাডি গ্রুপ ক্লাব ও জাতীয় দলের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে একটি প্রাথমিক তালিকা তৈরি করে দেয়। তালিকায় থাকা খেলোয়াড়দের ভোট দেন উয়েফা আয়োজিত প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগের প্রথম রাউন্ডে খেলা দলগুলোর কোচ, নির্বাচক ও নির্বাচিত সাংবাদিকেরা।

আগামী ৩১ আগস্ট মোনাকোতে চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠানে ঘোষনা করা হবে বিজয়ীদের নাম। নারী বিশ্বকাপ শেষ হবার পর আগামী সপ্তাহে ঘোষণা করা হবে উয়েফা বর্ষ সেরা নারী ফুটবলার ও কোচের নাম।